
রান ফর ক্লিন এয়ার স্লোগান নিয়ে ঢাকায় হতে যাচ্ছে 'মিডিয়া রান'। ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এ রান। এতে অংশ নিবেন লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক ও বিদেশি অপেশাদার রানাররাও অংশ নিবেন। এতে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো ছুটি গ্রুপ।
আয়োজন উপলক্ষে রাজধানীর গুলশানে ছুটি গ্রুপের কার্যালয়ে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিনসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মতো মিডিয়া কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ রানের রেজিস্ট্রেশন এরইমধ্যে শুরু হয়েছে। আগ্রহী রানারদের আগামী ১০ নভেম্বরের মধ্যে ৭.৫ ও ২ কিলোমিটার— দুই ক্যাটাগরিতে রানের রেজিস্ট্রেশন সম্পন্নের অনুরোধ জানানো হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিন জানান, সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। আয়োজনটিকে প্রাণবন্ত করতে থাকছে ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও প্রফেশনাল পেসারও। রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেডেলের ছবি নিয়ে বিশেষ ফটো কনটেস্ট।
বিস্তারিত : ultracamprunners.com/event/media-run-2026-2