
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টার ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি। এ ঘটনায় সরকারের প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে রপ্তানি পণ্যচালানে অভিযান চালিয়ে এ অনিয়ম উদ্ঘাটন করা হয়। কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড-এর নামে দাখিল করা বিল অব এক্সপোর্ট নম্বর সি-৭৭০৯৯৪-এর আওতাধীন পণ্য চালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। রপ্তানিকারক প্রতিষ্ঠানটি চালানে তিন ধরনের পণ্য হিসেবে ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট ঘোষণা করেছিল। কিন্তু পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি ৪০ হাজার ৮ পিস পোশাক পাওয়া যায়। চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার। এর গন্তব্য ছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউডি নম্বর ২৬/৩৬৩১/০১০-এর অধীনে শুল্কমুক্তভাবে আমদানি করা বিভিন্ন ধরনের সুতা, কাপড় তৈরির কাঁচামাল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করে ঘোষিত পণ্য উৎপাদন ও রপ্তানি না করে ভিন্ন উৎসের পোশাক রপ্তানির চেষ্টা করে।