ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

টেকসই উন্নয়নে সম্প্রসারিত হচ্ছে থিম্যাটিক বন্ডের বাজার

টেকসই উন্নয়নে সম্প্রসারিত হচ্ছে থিম্যাটিক বন্ডের বাজার

পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দেশে থিম্যাটিক বন্ডের বাজার সম্প্রসারিত হচ্ছে। এ ধরনের বন্ড বিনিয়োগকারীদের আর্থিক মুনাফার পাশাপাশি টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ড 'সাজিদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড'-এর সফল সমাপ্তি ও তালিকাভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ডিএসই, সাজিদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাসুদ খান বলেন, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও সম্পদ সংরক্ষণ করাই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। বাংলাদেশে এরইমধ্যে গ্রিন বন্ড ও সোশ্যাল বন্ড চালু হয়েছে। সাজিদা ফাউন্ডেশনের অরেঞ্জ বন্ডের লক্ষ্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। এসব বন্ডের মাধ্যমে আর্থিক মুনাফার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, থিম্যাটিক বন্ডের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ঘোষিত উদ্দেশে ব্যয় এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি নিয়মিতভাবে বিনিয়োগকারীদের জানাতে হবে। গ্রিনওয়াশিং প্রতিরোধেও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ জরুরি।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত। এ সীমাবদ্ধতা দূর করতে অরেঞ্জ বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সাজিদা ফাউন্ডেশন ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে এক, দুই ও তিন বছর মেয়াদি বন্ডের মাধ্যমে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। এ অর্থ খাদ্যনিরাপত্তা, কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান ও আবাসন খাতে নারীকেন্দ্রিক অর্থায়নে ব্যবহৃত হবে।

সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ জরুরি। দেশের প্রথম অরেঞ্জ বন্ড পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত তৈরি করবে এবং ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত