ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শুরুটা কিছুটা রক্ষণাত্মক হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে পরিকল্পিত আক্রমণে দুই দলের পয়েন্টে ব্যবধান বেড়ে হয় প্রায় দ্বিগুণ। তাতেই দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা করে স্বাগতিক বাংলাদেশ। গতকাল সোমবার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির এই আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দুই লোনাসহ ৪২-২২ পয়েন্টে হারিয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে। প্রথমার্ধে ভালোই লড়াই করেছে উগান্ডা। শুরুতে বাংলাদেশের মেয়েদের একটু রক্ষণাত্মক মনে হয়েছে। তবে পুরো ম্যাচেই স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

উগান্ডা প্রথমবারের মতো এসেছে বিশ্বকাপের বড় মঞ্চে। শারীরিক দিক দিয়ে তারা এগিয়েছিল স্বাগতিকদের চেয়ে। অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিল বাংলাদেশ। তারপরও প্রথমার্ধে উগান্ডাকে খুব বেশি পিছিয়ে রাখা যায়নি। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিল। বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ ছিল খেলায়। একটা সময় তো বাংলাদেশের অর্ধ্বে ছিলেন কেবল স্মৃতি আক্তার।

পয়েন্টেও ছিল সমতা। পরে আফ্রিকান প্রতিনিধি উগান্ডা এগিয়েও গিয়েছিল। তবে ডু অর ডাই রেইডে দুইজনকে ঘায়েল করে স্মৃতি দারুণভাবে দলকে ম্যাচে ফেরান। এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে দুই বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৪২-২২ পয়েন্টে। অর্থাৎ দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে ২৮ পয়েন্ট তুলেছে, সেখানে উগান্ডা তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট।

ম্যাচসেরা স্মৃতি আক্তার বলেন, ‘শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনওই আমরা উগান্ডার সঙ্গে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের ম্যাচটা আমাদের বুঝতে একটু সময় লেগেছে। এরজন্য শুরুতে একটু অগোছালো মনে হয়েছে।

ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি। অনেক ভালো লাগছে, মানে বলার বাইরে কতটুকু ভালো লাগছে। জয় পেয়েছি। পরবর্তীতে চেষ্টা থাকবে যে প্রথম ম্যাচে যেহেতু জিতেছি, পরেরগুলোও ইনশাআল্লাহ জিতবো। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার খেলে অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দেবো।’

বাংলাদেশ দলের কোচ মুন্সী আরদুজ্জামান বলেন, ‘দেখুন, উগান্ডা দল আমাদের চেয়ে শারীরিকভাবে ও শক্তির দিক থেকে এগিয়ে আছে। তাই চেয়েছিলাম প্রথম ৫ মিনিট ওদের খেলা দেখব। আমাদের গুছিয়ে উঠতেও কিছুটা সময় লেগেছে। সে কারণে আমরা শুরুতে একটু চাপে ছিলাম।

এরআগে অংশগ্রহণকারী ১১ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের উপস্থিতি, গ্যালারি ভরা ছাত্র-ছাত্রীর করতালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের। এবারের আসরের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। দারুণ জয়ে আসর শুরু করা বাংলাদেশ আজ বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত