
পার্থে অ্যাশেজে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই রোমাঞ্চ ছড়িয়েছে। অজিদের বোলিংয়ে পার্থের দ্রুত গতির বাউন্সি উইকেটে ইংল্যান্ড প্রথমে গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। জবাবে অজিদের আরও কোণঠাসা করে ছেড়েছে ইংলিশরা। ৯ উইকটে ১২৩ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা ৪৯ রানে পিছিয়ে থাকায় একটু এগিয়ে থাকার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী ইংল্যান্ড। শেষ পর্যন্ত দিনটি ছিল বোলারদেরই। পড়েছে ১৯টি উইকেট। গতকাল টস জিতে অবাক করার মতো সিদ্ধান্ত নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুতেই ‘বাজবল’ ঘরানার ক্রিকেটে নিজেদের বিপদে ফেলে তারা। প্রথম ওভারের ষষ্ঠ বলে মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ওপেনার জ্যাক ক্রলি। শেষ পর্যন্ত স্টার্কের গতিতেই দ্রুত গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।