ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চিলির পর সুইজারল্যান্ডকে হারাল বাংলাদেশের যুবারা

চিলির পর সুইজারল্যান্ডকে হারাল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের যুবারা। ভারতের চেন্নাইয়ে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল ভারতে অনুশীলন করছে। গত সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। গতকাল

বুধবার বিকালে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান ভারত থেকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) চিলিকে হারানোর পর আজ (বুধবার) বাংলাদেশ সুইজারল্যান্ডকে হারিয়েছে। পূর্ণ চার কোয়ার্টারই খেলা হয়েছে। আমাদের খেলোয়াড়রা সুস্থ ও ফিট রয়েছে।’

গতকাল বুধবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে যুব বিশ্বকাপ হকির শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল জোড়া গোল এবং হুজিফা, রকি এবং জয় যথাক্রমে একটি করে গোল করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। ভিসা জটিলতায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত ইউরোপ সফরে যেতে পারেনি। তখনই সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এবারই প্রথম হকিতে ২৪টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত