
সাবেক জার্মানি ও রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা মেসুত ওজিল বাংলাদেশ সফরে এসেছেন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। তুরস্কের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নবসংস্কারকৃত ‘শহিদ বুদ্ধিজীবী মোর্তজা মেডিকেল সেন্টার’ উদ্বোধন করেন তিনি। তুরস্ক বংশোদ্ভুত এই ফুটবল তারকাকে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অনুরোধে ছবি তোলেন। সংস্কারকাজ শেষে ক্যাম্পাসের শহিদ মর্তুজা মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন জার্মানির জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিল। এ সংস্কার কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করেছে তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্প। সেই প্রকল্পের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সঙ্গে ঢাকায় এসেছেন ওজিল। মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারকাজের উদ্বোধনীতে এই দুজনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ওজিলকে একটি স্মারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিলাল এরদোয়ান জানান, ওজিল কক্সবাজার সফর করবেন এবং সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবলে মেতে উঠবেন। তুর্কি সংস্থাগুলোর চলমান মানবিক সহায়তার অংশ হিসেবেই তার এই সফর বলে তিনি উল্লেখ করেন। তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সংস্থার সহায়তায়ই মেডিকেল সেন্টারের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও যাওয়ার কথা রয়েছে ওজিল ও তার সফরসঙ্গীদের। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার ওজিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ী জার্মানি দলের সদস্য ছিলেন।
জার্মানিতে অভিবাসীদের আগমন নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে একটি ছবি তোলা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ওজিল। ২০১৮ সালে ওই বিতর্কের মধ্যেই জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি।
তুর্কি বংশোদ্ভূত হওয়ার কারণে ‘বর্ণবাদী এবং অশ্রদ্ধামূলক’ আচরণ পাওয়ার অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন ওজিল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ। ১১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২২টি। ওজিল ক্লাব ক্যারিয়ার শুরু করেন জার্মানিতে শালকের হয়ে। সেখান থেকে যোগ দেন ভার্ডার ব্রেমেনে। দলটির হয়ে পারফরম্যান্সেই তিনি ডাক পান ২০১০ বিশ্বকাপের জার্মানি দলে। জার্মানরা সেবার খেলেছিল সেমিফাইনালে। বিশ্বকাপের এক মাস পরই ওজিল যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে তিন বছরে তিনি জেতেন একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। লা লিগায় ১০৫ ম্যাচ খেলে গোল করেন ১৯টি।