
মাঠের লড়াই শুরুর খুব বেশি বাকি নেই। বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারও শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত। বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দল, এ ম্যাচে দলের শক্তি, ‘বিকল্প’ খেলোয়াড় সবই পরখ করে নিতে চান বাংলাদেশ কোচ। অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপের এবারের আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচে দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাকি দুই দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ।
বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বাটলার এই ম্যাচে মেয়েদের কাছে নিজের চাওয়া জানিয়েছেন। ‘মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করেছে। মানে, তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত। প্রশিক্ষণের জন্য এটি একটি চমৎকার পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠগুলো অসাধরণ।’
‘আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে, এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাইছি। একটি সুন্দর পরিবেশে এটি একটি অনুশীলন ম্যাচ এবং আরও গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ ও অভিজ্ঞ সব খেলোয়াড়দের জন্যই নিজের পজিশনের জন্য একটি বড় প্রতিযোগিতা।’ অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বাটলার। মেয়েদের আক্রমণাত্মক ফুটবলের দীক্ষাই দিয়েছেন তিনি। সেরা একাদশ এখনও চূড়ান্ত করেননি কোচ। প্রীতি ম্যাচ সবাইকে পরখ করে নেওয়ার পর সবকিছু চূড়ান্ত করতে চান এই ইংলিশ কোচ।
‘আমি জানি না, আজ রাতে আমি বসে দলের বিষয়টি নিয়ে ভাববো। আমি মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলবো, সেটা মাথায় রেখে এগোতে হবে। সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি জানি আমি কী করতে চাই, কিন্তু আমি স্রেফ দুটি ৪৫ মিনিটের অর্ধে এটি দেখতে চাই।’
‘মেয়েদের মাথায় এটা ঢোকাতে হবে যে, আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো আগামীকাল দুই ৪৫ মিনিটের অর্ধে মেয়েদের পরখ করে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ ভাগ করে দেবো, গেমের লোডও ভাগ করে দেব। খেলোয়াড়দের পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগগুলো দেখবো। তাই আমাদের অন্যান্য বিকল্পগুলোও খতিয়ে দেখতে হবে এবং পজিশনগুলো নিয়েও কাজ করতে হবে।’