
প্রতিপক্ষের মাঠে ৮-০ গোলে জয়ের কয়েক ঘণ্টা পর, প্রধান কোচ ফেলিপে লুইসকে বরখাস্ত করল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। মাদুরেইরার মাঠে ৮-০ গোলের জয় পায় ফ্ল্যামেঙ্গো। দুই লেগ মিলিয়ে ১১-০ গোলের অগ্রগামিতায় কাম্পেওনাতো কারিওকার ফাইনালে পৌঁছায় তারা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের সাবেক কোচ তিতের জায়গায় ফ্ল্যামেঙ্গোতে যোগ দেন লুইস। ৪০ বছর বয়সী সাবেক ডিফেন্ডারের কোচিংয়ে ১০০টি ম্যাচ খেলেই সাতটি শিরোপা জিতেছে দলটি! চলতি বছর পরপর দুটি ফাইনালে হেরেছে ফ্ল্যামেঙ্গো। গত মাসে সুপারকোপ দো ব্রাজিল ও রেকোপা সুদামেরিকানায় হয়েছে রানার্সআপ। গত সোমবার রাতে আরেকটি ফাইনাল নিশ্চিত করার পরই ছাঁটাই হওয়ার খবর পেয়েছেন লুইস। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিট পাঠানো সংক্ষিপ্ত এক বিবৃতিতে সিদ্ধান্ত জানায় ফ্ল্যামেঙ্গো। ‘ফেলিপে লুইস পেশাদার দলের দায়িত্বে থাকছেন না। ইভান পালাঙ্কো (সহকারি কোচ) ও দিয়োগো লিনহারেসও (ট্রেনার) তার সঙ্গে ক্লাব ছাড়ছেন।’ ‘এই অভিযাত্রায় তিনি যা অর্জন করেছেন এবং ভাগ করে নিয়েছেন, সেজন্য ফ্ল্যাঙ্গমো (ক্লাবের) সাবেক খেলোয়াড় ও কোচ ফিলিপে লুইসকে ধন্যবাদ জানাচ্ছে।