ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দলবদল ১৮-১৯ এপ্রিল লিগ শুরু ৫ মে!

দলবদল ১৮-১৯ এপ্রিল লিগ শুরু ৫ মে!

শঙ্কার কালো মেঘ সরিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। আগামী ১৮ ও ১৯ এপ্রিল আনুষ্ঠানিক দলবদল হতে পারে। আর ৫ মে থেকে প্রিমিয়ার লিগ শুরুর কথাও ভাবা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় লিগ শুরু হতে যাচ্ছে, তাই এবার সিঙ্গেল লিগ করার চিন্তাই চলছে। সুপার লিগ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। যেহেতু জুন মাস থেকেই বর্ষাকাল শুরু হয়ে যাবে এবং বর্ষাকাল মানেই মৌসুমি জলবায়ুর প্রভাবে প্রবল বৃষ্টি, তাই একসঙ্গে শুরু থেকে প্রতিদিন একটি করে পর্ব আয়োজনের চিন্তাভাবনাও চলছে। ঢাকা শহর ও তার আশপাশে বিকেএসপিসহ মোট ৬টি মাঠে খেলা চালানোর কথা ভাবা হচ্ছে। যেহেতু প্রিমিয়ার লিগে দলের সংখ্যা ১২টি, তাই প্রতিদিন ৬টি মাঠে প্রিমিয়ার লিগ আয়োজনের কথাও ভাবা হচ্ছে। এতে করে একদিনেই এক রাউন্ড শেষ হয়ে যাবে। তারপর ২ দিন বিরতি দিয়ে পরের পর্ব হলেও ১ মাসের মধ্যেই সিঙ্গেল লিগ শেষ করা সম্ভব হবে। এদিকে প্রধান ভেন্যু শেরে বাংলা স্টেডিয়ামে আগামী ১৪ মে পর্যন্ত প্রিমিয়ার লিগ হবে না বলে জানা গেছে। ওই সময়ের মধ্যে শেরে বাংলায় বিসিএলের ২ পর্বের খেলা হবে। তাই ১৪ মে’র আগে ‘হোম অব ক্রিকেট’ এ প্রিমিয়ার লিগ হবে না। তখন বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, পূর্বাচলের একটি মাঠ, খালেদ মাহমুদ সুজনের একাডেমি মাঠ, বসুন্ধরা ক্রিকেট মাঠ, মোহাম্মদপুরের সিলিকন মাঠ এবং ইউল্যাব মাঠকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে।

জানা গেছে, প্রধান ভেন্যু শেরে বাংলায় খেলা চালুর আগে বাকি ৭টি মাঠের মধ্য থেকে ৬টি মাঠ ভালোভাবে দেখে এবং সেগুলোর আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রিমিয়ার লিগ পরিচালনার উপযোগী কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের পরই চূড়ান্ত করা হবে। নির্ধারিত সময়ে এবার ঢাকা লিগ মাঠে গড়ায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত