
আগের আসরে আলফাজ আহমেদের কোচিংয়ে প্রথমবার পেশাদার লিগ চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার দলটির বেহাল অবস্থা। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছেও হেরেছে সাদাকালোরা। এরপরই গুঞ্জন উঠে কোচ আলফাজ বরখাস্ত হচ্ছেন! অবশেষে গতকাল রোববার ক্লাব ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আলফাজকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মোহামেডানের পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে সবাই অসন্তুষ্ট। তাই কোচ আলফাজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আলফাজের পরিবর্তে ডাগআউট সামলাবেন সহকারী কোচ আব্দুল কায়ুম সেন্টু। টিম লিডারের দায়িত্বে থাকবেন আমিরুল ইসলাম বাবু।
সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান জানায়, ‘ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মৌসুমের বাকি খেলাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সহকারী কোচ আব্দুল কায়ুম সেন্টুকে ফুটবল দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব এবং ক্লাবের স্থায়ী সদস্য জনাব মো. আমিরুল ইসলাম বাবুকে ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য টিম লিডার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ লিগে ১০ দলের মধ্যে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সাতে আছে মোহামেডান। রেলিগেশন পর্যায় থেকে থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়হীন। অথচ গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফেডারেশন কাপেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে বি গ্রুপের চারে। প্লে অফে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। ২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আলফাজ। ভঙ্গুর অবস্থা থেকে টেনে তোলেন দলকে। তার অধীনে ২৩ বছরের খরা ঘুচিয়ে গত মৌসুমে লিগ জেতে সাদা-কালোরা। ২০২৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও।
তিনটি ভিন্ন ভূমিকায় মোহামেডানের হয়ে লিগ জয়ের অনন্য রেকর্ড গড়েছেন তিনি-১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে, ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে, ২০০৫ সালে জাতীয় লিগ জেতেন অধিনায়ক হয়ে। আর এবার, ২০২৫ সালে কোচ হিসেবে এনে দিলেন পেশাদার যুগের প্রথম লিগ শিরোপা। ২০১৩ সালে এই মোহামেডানের জার্সিতেই পেশাদার ফুটবলে ইতি টানেন আলফাজ। ২০২০ সালে ক্লাবটিতে সহকারী কোচ হিসেবে যোগ দেন। তখন প্রধান কোচ ছিলেন অস্ট্রেলিয়ার শন লেন। লেনের পর দায়িত্ব পান শফিকুল ইসলাম মানিক। মোহামেডানের সময়টা তখন ভালো যাচ্ছিল না। ২০২৩ সালের লিগের দ্বিতীয় পর্বে সহকারী থেকে প্রধান কোচের দায়িত্ব পান আলফাজ। সেই মৌসুমেই জেতান ফেডারেশন কাপ- ১৪ বছর পরে এই টুর্নামেন্ট জেতে সাদা-কালোরা। ২০২২-২৩ মৌসুমে সেই শিরোপা জয়ের পর ২০২৩-২৪ মৌসুমে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে হয় রানার্সআপ। চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপে আবারও রানার্সআপ। ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়।