ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিদেশি কোচ পাচ্ছেন বয়সভিত্তিক দলগুলো

বিদেশি কোচ পাচ্ছেন বয়সভিত্তিক দলগুলো

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে শিরোপা জেতায় উন্মাদনা ফিরেছে ফুটবলাঙ্গনে। বাফুফের ডেভলপমেন্ট কমিটিও এই সাফল্যকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চায়। গতকাল রোববার বাফুফে ভবনে সভায় ফুটবল উন্নয়নে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাফ অনূর্ধ্ব-২০ দলে বাংলাদেশ দলের কোচ ছিল ব্রিটিশ মার্ক কক্স। সেই কোচের চুক্তি শেষ হওয়ায় তিনি ইংল্যান্ড ফিরে গেছেন। তাই আবার নতুন কোচ খুঁজছে ফেডারেশন। বছরের শুরুর দিকে নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে হেড অব ইয়ুথ হিসেবে নিয়োগ দিয়েছিল ফেডারেশন। এখন বয়সভিত্তিক দলের জন্য বিদেশি কোচ খোঁজায় ছোটনের অবস্থান নিয়ে প্রশ্ন হলে জাহেদী বলেন, ‘তিনি কাজ করছেন। তবে আমাদের বিদেশে কাজ করা অভিজ্ঞতা রয়েছে এমন কোচও দরকার। তা দলের জন্য ভালো। বয়সভিত্তিক প্রতি দলের জন্যই আলাদা বিদেশি কোচ দরকার। তাদের সাথে আমাদের দেশীয়রাও কাজ করবেন।’

ব্রিটিশ কোচ মার্ক কক্সের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল অনেক। তাই এবার কোচ নিয়োগে আরও বেশি সতর্ক অবস্থানে বাফুফে।

ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘যারা বাংলাদেশে তরুণ পর্যায়ে কোচিং করাতে আগ্রহী, তারা আবেদন করবে। সেখান থেকে আমাদের যাদের পছন্দ হয়, তাদের চূড়ান্ত করব।’ বিদেশি কোচের পাশাপাশি বিদেশে খেলানোর পরিকল্পনাও রয়েছে ডেভলপমেন্ট কমিটির, ‘এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আগে আমাদের অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। তেমনি এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের আগে ইউরোপে একাডেমি কাপ টুর্নামেন্টগুলোতে আমাদের দলকে পাঠানো হবে। যেখান থেকে অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন হতে পারে।’

বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও অন্যতম সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমরা এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট নিয়ে গুরুত্ব দিচ্ছি।

সেই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলতে চাই। এজন্য অন্তত ছয় সপ্তাহের ট্রেনিং করব। সেটা পুরোপুরি ঢাকায় কিংবা যশোরে চার আর ঢাকায় দুই সপ্তাহ এমনও হতে পারে।’ এই টুর্নামেন্টের জন্য বাফুফে ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা দু’টিই এএফসির কাছে আবেদন করেছে। জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের পর এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে হবে ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। প্রতিযোগিতা চলবে ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলেও অনেক বিষয় ছিল সমালোচনাযোগ্য। বিশেষ করে হুট করে টুর্নামেন্টের আগে বিদেশি কোচ নিয়োগ, ম্যানজোর যেখানে দলের শৃঙ্খলা দেখভাল করবেন সেখানে তিনি উল্টো কার্ড দেখেছেন। এই বিষয়গুলো পর্যালোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জাহেদী বলেন, ‘আমরা প্রায় সকল বিষয়ে পর্যালোচনা করেছি। তারা কার্ড পেয়েছে।

সেটা কতটুকু যৌক্তিক বা ন্যায় সঙ্গত হয়েছে, সেটাও দেখার বিষয়। সাফের রেফারিংয়ে উন্নতি প্রয়োজন। এটা আমরা এরইমধ্যে আলোচনা করেছি এবং আনুষ্ঠানিকভাবে সাফকেও জানিয়েছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত