ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

শিরোপার স্বপ্নে নাহিদ রানাকে দলে ভেড়াল মোহামেডান

শিরোপার স্বপ্নে নাহিদ রানাকে দলে ভেড়াল মোহামেডান

ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেনকে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলিং আক্রমণ এমনিতেই বেশ শক্তিশালী। এই আক্রমণের সঙ্গে যদি বর্তমানের সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানা যুক্ত হয় তাহলে কেমন হয়? তেমন কিছুই হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা লিগে এক রাউন্ড খেলার সুযোগ পাবেন। নাহিদ রানাকে নিয়ে মোহামেডান মাঠে নামবে আগামী মঙ্গলবার। আজ মিরপুরে নাহিদ রানার দলবদলের আনুষ্ঠানিকতা সারবে মোহামেডান। গত বছর নাহিদ আবাহনীতে খেলেছিলেন। এবার কোনো দলে চুক্তিভুক্ত ছিলেন না নাহিদ। তবে তার টোকেন তোলা ছিল। আবাহনী তাকে রিটেইন না করায় মোহামেডান এখন চাইলেই তাকে খেলাতে পারবে। সেই সুযোগটি নিয়েছে মোহামেডান।

আগামীকাল মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা মোহামেডান এখন টেবিলের শীর্ষে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফলে দুই দলের মধ্যকার ম্যাচটি পয়েন্ট টেবিলের হিসেবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া আবাহনীরও পয়েন্ট ১০। মোহামেডান নাহিদ রানাকে দুই ম্যাচের জন্য পেতে চায়। কিন্তু বিসিবি নাহিদকে এক ম্যাচের জন্য ছাড়তে ইচ্ছুক। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু ৯ জুন থেকে। ঢাকা লিগের নবম রাউন্ড হবে ৫ জুন। ততদিনে জাতীয় দলের অনুশীলন শুরু হয়ে যাবে। এর মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করার অনুমতি দিতে রাজি নয় বিসিবি। মাঠে নেমে আগে অষ্টম রাউন্ড ভালোভাবে শেষ করতে চায় মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জকে সেই ম্যাচে হারাতে পারলে এবং আবাহনী যদি নিজেদের খেলায় হেরে যায় তাহলে মোহামেডানের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। নানা জটিল হিসেব নিকেশের মধ্যে নাহিদ রানাকে নিয়ে মোহামেডান পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত