ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আর্জেন্টিনার গোপন মহড়া স্কালোনির ভাবনায় পজিশন

আর্জেন্টিনার গোপন মহড়া স্কালোনির ভাবনায় পজিশন

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের সুযোগ নেই! একটি ম্যাচই ঠিক করে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ। সেই বাস্তবতাকে সামনে রেখেই কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতিতে সামান্য হলেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। নির্ধারিত সূচি বদলে ম্যাচের আগের দিন নয়, বরং এক দিন আগেই মায়ামিতে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল। লক্ষ্য একটাই- নতুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নকআউটের লড়াইয়ে শতভাগ প্রস্তুত থাকা! ক্যানসাস সিটিতে শেষ অনুশীলন সেরে গত বুধবার বিকেলে মায়ামির উদ্দেশে রওনা দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টায় চার্টার্ড ফ্লাইট ছাড়ার কথা থাকলেও লজিস্টিক জটিলতায় প্রায় এক ঘণ্টা দেরিতে যাত্রা শুরু হয়। তবে এই বিলম্ব প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি। বরং মায়ামিতে আগেভাগে পৌঁছানোয় আবহাওয়া, মাঠ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় পাচ্ছেন মেসিরা। ক্যানসাসে আর্জেন্টিনার শেষ অনুশীলন ছিল পুরোপুরি রুদ্ধদ্বার। গণমাধ্যমকে বাইরে রেখেই কৌশলগত অনুশীলন পরিচালনা করেন স্কালোনি। বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিপক্ষকে কোনো আগাম বার্তা দিতে চাননি আর্জেন্টাইন কোচ। তার পরিকল্পনার কতটা গোপনীয়তা ছিল, সেটি বোঝা যায় আগের অনুশীলন থেকেও। মিডিয়ার জন্য উন্মুক্ত সময়টুকুতে সম্ভাব্য একাদশ সম্পর্কে কোনো ধারণা না দিয়ে তিনি মূল একাদশের সম্ভাব্য খেলোয়াড় ও বিকল্পদের মিলিয়ে মোট ১৩ জনকে অনুশীলনের বিশেষ ‘বিব’ দেন। ফলে সাংবাদিকদের পক্ষে কারা শুরু করবেন, তার কোনো ইঙ্গিত পাওয়া সম্ভব হয়নি।

এখন আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয় একাদশের তিনটি পজিশন। প্রথম ধাঁধা লেফট-ব্যাকে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো কি নিজের জায়গা ফিরে পাবেন, নাকি গ্রুপ পর্বে ধারাবাহিক ভালো খেলা ফাকুন্দো মেদিনাই আস্থা ধরে রাখবেন-সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। রক্ষণভাগের মাঝেও রয়েছে আরেকটি প্রশ্ন। ইনজুরির কারণে বাইরে থাকা ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো পুরোপুরি ফিট হলে তিনি সরাসরি একাদশে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু যদি ফিটনেস নিয়ে সামান্য সংশয়ও থাকে, তাহলে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিই আবারও দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বেশি আগ্রহ অবশ্য আক্রমণভাগ ঘিরে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরু করবেন কে? এই মুহূর্তে লড়াইটা লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজও স্কালোনির আস্থার অন্যতম নাম। ফলে ম্যাচের আগ পর্যন্ত এই জায়গায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। মায়ামির হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি ভেন্যু নয়, এটি সুখস্মৃতিরও নাম। ২০২৪ সালে এই মাঠেই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। সেই স্মৃতি এবার বিশ্বকাপের নকআউট লড়াইয়ের আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে। গতকাল বৃহস্পতিবার ম্যাচ ভেন্যুতেই শেষবারের মতো অনুশীলন করেন মেসিরা। সেই সেশনেই স্কালোনি একাদশের বাকি ধাঁধাগুলোর সমাধান করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত