ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রেকর্ড ভেঙে পুরস্কার পেলেন নাহিদ রানা

রেকর্ড ভেঙে পুরস্কার পেলেন নাহিদ রানা

জিম্বাবুয়ের বিপক্ষে হারটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। তবে সেই হতাশার মাঝেও উজ্জ্বল এক ব্যতিক্রমের নাম নাহিদ রানা। রেকর্ড গড়া বোলিংয়ের স্বীকৃতি হিসেবে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই পেসার। হারারেতে প্রথম ওয়ানডেতে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট নেন নাহিদ। সেই স্পেলে ভেঙে যায় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড।

প্রায় দুই দশক ধরে টিকে থাকা মাশরাফি বিন মুর্তজার কীর্তিকে ছাড়িয়ে যান তিনি। এর আগে রুবেল হোসেন সেই রেকর্ড স্পর্শ করেছিলেন, এবার সেটিও নিজের করে নিলেন নাহিদ।

গতকাল বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে এই পারফরম্যান্সেরই পুরস্কার পেয়েছেন তিনি। ১৭ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে আসা নাহিদ এখন বাংলাদেশের দ্বিতীয় সেরা র‍্যাংকিংধারী বোলার। শীর্ষে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যদিও তিনি এক ধাপ পিছিয়ে নেমেছেন নবম স্থানে। বাংলাদেশের অন্য বোলারদের জন্য অবশ্য র‍্যাংকিংয়ের খবর সুখকর নয়।

শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে, মুস্তাফিজুর রহমান চার ধাপ পিছিয়ে ২৭ নম্বরে এবং রিশাদ হোসেন আট ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে নেমেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট নেওয়া তাসকিন আহমেদ অবশ্য ২৯ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন। ব্যাটিং র‍্যাংকিংয়েও উন্নতির দেখা মেলেনি। তাওহিদ হৃদয় ২০ নম্বর এবং নাজমুল হোসেন শান্ত ৩০ নম্বরে অপরিবর্তিত থাকলেও তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমেছেন। লিটন দাস এখন ৬১, সৌম্য সরকার ৭০ এবং মেহেদী হাসান মিরাজ ৭২ নম্বরে অবস্থান করছেন। অলরাউন্ডারদের তালিকায়ও নাহিদ নিজের ছাপ রেখেছেন। ৩১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ফলে দলের পরাজয়ের ম্যাচেও ব্যক্তিগত অর্জনে সবচেয়ে বড় হাসিটা হাসলেন বাংলাদেশের এই তরুণ গতিতারকা!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত