
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে অশালীন কথাবার্তা, কুপ্রস্তাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রহিম কাটার ছেলে সাদ্দাম হোসেন (৩৫) এবং একই গ্রামের মঙ্গল বক্সের ছেলে টুকুল (৩৮)।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাদ্দাম হোসেন ও টুকুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন। গৃহবধূ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অশালীন বার্তা পাঠাতেন। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিতেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি গভীর রাতে অভিযুক্তরা ওই গৃহবধূর বসতঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালান। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর গ্রাম থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।