
অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলের ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লব। জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেই প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ইমার্জিং দল। তরুণ প্রতিভা ও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল ঘোষণা দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচও খেলবে সফরকারীরা।
ঘোষিত দলে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা কয়েকজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ওপেনার জাকির হাসান, ব্যাটার শাহাদাত হোসেন দিপু, উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব থাকছেন সফরে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ মিলেছে আবু হাসিম ও হাবিবুর রহমান সোহানের। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা রহনতদৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও রয়েছেন স্কোয়াডে। আজ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ইমার্জিং দল। ত্রিদেশীয় সিরিজে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ)। ১ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। এরপর ৩ আগস্ট ইউএসএসএর মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে ৯ আগস্ট আবারও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।