
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয়ভঙ্গ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির জার্সিতে ফিরতি মাঠে নামার আগে নিজ শহর রোসারিওর কাছে আরো সেকোতে পরিবারের মালিকানাধীন ক্লাব ‘লেওনেস এফসি’-র ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। স্থানীয় সময় শনিবার আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের ম্যাচে সেন্ট্রাল কর্ডোবার মুখোমুখি হয়েছিল লেওনেস এফসি। ম্যাচ শুরু হওয়ার পর একটি কালো হুডি পরে লো-প্রোফাইল বজায় রেখে মাঠে প্রবেশ করেন ৩৯ বছর বয়সী মেসি। তবে ভক্তদের চোখ এড়ানো সম্ভব হয়নি; পোস্টের পেছনের এক ব্যালকুনি থেকে খেলা উপভোগ করার সময় ক্যামেরা ও ভক্তদের মোবাইল বন্দি হন তিনি।