ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দায়িত্ব বদলেছে, বদলায়নি ভূমিকা

দায়িত্ব বদলেছে, বদলায়নি ভূমিকা

বাংলাদেশ জাতীয় দলের ডাগআউট থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ড্রেসিংরুমে। দায়িত্ব বদলেছে, তবে দেশের ক্রিকেট নিয়ে নিজের ভূমিকা বদলায়নি বলে মনে করেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে অভিজ্ঞ এই কোচ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক ও সমন্বয় আগের মতোই থাকবে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন সালাহউদ্দিন। সম্প্রতি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হয়েছেন তিনি। তবে নতুন দায়িত্বকে জাতীয় দল থেকে আলাদা কোনো অধ্যায় হিসেবে দেখছেন না। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমার জাতীয় দলের সাথে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সাথে আমাদের একটা সংযোগ থাকবে।’ জাতীয় দলের সঙ্গে সমন্বয়ের বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা সাদা বল, লাল বল আছে, তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।’ ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সালাহউদ্দিন। তার অধীনেই বাংলাদেশ জাতীয় দল কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বিসিবির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত