ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বার্সার প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

বার্সার প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

বার্সার জন্য ১০০ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দেন লেভানডফস্কি

ফুটবল ক্যারিয়ারে অর্থের চেয়ে পছন্দের ক্লাবকে গুরুত্ব দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি-এমনই এক অজানা গল্প সামনে এনেছেন তার দীর্ঘদিনের এজেন্ট পিনি জহাভি। তার দাবি, বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হওয়ার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার। পোলিশ সংবাদমাধ্যম স্পোর্টসেফ্রাক্টিকে দেওয়া সাক্ষাৎকারে জহাভি জানান, লেভানডফস্কির সামনে দুই বছরের জন্য মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব ছিল, ‘রবার্টের টেবিলে মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরো মূল্যের দুই বছরের একটি চুক্তির প্রস্তাব ছিল।’ কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লেভানডফস্কি? এমন প্রশ্নে জহাভির জবাব, ‘কারণ তিনি বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছিলেন।’ তবে বার্সেলোনা ছাড়ার পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যই ছিল লেভানডফস্কির প্রথম পছন্দ। এর পেছনে অর্থের পাশাপাশি ভৌগোলিক সুবিধাও বড় কারণ ছিল বলে জানিয়েছেন জহাভি, ‘রবার্ট সৌদি আরবে খেলতে চেয়েছিলেন। মূলত সেখানে বসবাসের সুবিধার কারণে। রিয়াদ ও ওয়ারশর সময়ের পার্থক্য খুব কম, যুক্তরাষ্ট্রের তুলনায় পোল্যান্ড থেকেও অনেক কাছাকাছি। তাছাড়া আমরা জানতাম, সেখানে আমাদের জন্য বিপুল অর্থ অপেক্ষা করছিল।’তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর বাস্তবায়িত হয়নি। জহাভির ভাষায়, সৌদি আরবের নীতিগত পরিবর্তন ও যুদ্ধ পরিস্থিতি মিলিয়ে আগের মতো বাজার ছিল না, ‘আমি রবার্টকে স্পষ্ট বলেছিলাম, আমাকে তোমার সঙ্গে সৎ হতে হবে। আমি সেখানকার সবাইকে চিনি, বাজার সম্পর্কে জানি। পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।’ জহাভির দাবি, বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল নিয়মিত একাদশে জায়গা নিয়ে অনিশ্চয়তা। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা তাকে রাখতে চাইলেও, কোচ হান্সি ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকো শুরুর একাদশে নিয়মিত খেলার নিশ্চয়তা দিতে পারেননি। জহাভি বলেন, ‘লাপোর্তা চেয়েছিলেন রবার্ট থেকে যাক। কিন্তু তিনি কোচদের কাজে হস্তক্ষেপ করেন না। ডেকো ও হান্সি ফ্লিকই স্কোয়াড ঠিক করেন। তারা রবার্টকে নিয়মিত একাদশে রাখার নিশ্চয়তা দিতে পারেননি। আর সেটাই তার কাছে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত