
গত বছর এই দেশ থেকে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতে এসেছিলেন লাল সবুজের স্কেটাররা। এবারও সেই স্বপ্ন নিয়ে আজ পয়মন্ত সেই চীনে যাচ্ছেন ২২ স্কেটার।
চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশে। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে রয়েছে রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইয়ান। পাঁচজন কর্মকর্তাসহ ২৭ জনের বহরটি রাতে চায়ন সাউদার্ণে রওয়ানা দেবে। যার মধ্যে ১২ জন মেয়ে ও ১০ জন ছেলে। চীনে যাওয়ার আগে গতকাল বৃহস্পতিবার এই দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এ সময় ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম উপস্থিত ছিলেন।
পদক জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান বলেই জানান সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ‘গতবার নাবীয়ুন ইসলাম পৃথিবী ৫০০ মিটার স্পিড রেস ও ১০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক আমাদেরকে এনে দিয়েছিল।
এবারও আমরা স্বর্ণপদকের প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’ ১০-১২ আগষ্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।