
এএফসি ক্লাব ফুটবলের মঞ্চে আজ নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফর্টিজ এফসি। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে খেলতে নামছে বাংলাদেশের ক্লাবটি। অভিষেকেই অবশ্য কঠিন পরীক্ষা। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৩টায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিজ। এক ম্যাচের এই লড়াইয়ে জয় পেলেই চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশের প্রতিনিধিরা। বেসরকারী টেলিভিশন চ্যালেন টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। একই দিনে এএফসির মঞ্চে অভিষেক হচ্ছে বাংলাদেশের আরেক ক্লাব পুলিশ এফসিরও। রাত ১১টায় জর্ডানের আম্মানে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের মুখোমুখি হবে তারা। ফলে একই দিনে বাংলাদেশের দুই ক্লাবের সামনে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণের বড় সুযোগ। ফর্টিজের জন্য অবশ্য চ্যালেঞ্জটা আরও বড়, একটি জয়ই তাদের পৌঁছে দিতে পারে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে। ফর্টিজের এএফসি-যাত্রা অবশ্য ছিল অনেকটাই আকস্মিক। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল দলটি। কিন্তু ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় ফর্টিসের সামনে খুলে যায় দরজা। হঠাৎ পাওয়া সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার ইতিহাস গড়তে চায় ক্লাবটি। ফর্টিজ কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছেও ম্যাচটি বাড়তি গুরুত্বের। তবে রোমাঞ্চের চেয়ে দায়িত্বটাই বড় বলে মনে করছেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনে কায়সার বলেন, ‘আমি রোমাঞ্চিত নই। এটা অনেক বড় দায়িত্ব। এটা শুধু ফর্টিসের জন্য নয়, বাংলাদেশের জন্য। ফর্টিজ বাংলাদেশকে এএফসি পর্যায়ে প্রতিনিধিত্ব করছে।’ তবে প্রস্তুতির দিক থেকে ফর্টিজের চেয়ে এগিয়ে মুরাস। বাংলাদেশের ঘরোয়া মৌসুম শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। এরপর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি ফর্টিজের। বিপরীতে কিরগিজ লিগে নিয়মিত খেলছে মুরাস। ঢাকায় আসার মাত্র চার দিন আগেও লিগ ম্যাচ খেলেছে তারা। ফলে ম্যাচের ছন্দ ও ফিটনেসে পার্থক্যটা বড় হয়ে উঠতে পারে। অল্প সময়ের প্রস্তুতি নিয়ে অবশ্য অজুহাত দিতে চান না কায়সার। প্রায় তিন সপ্তাহ নতুন দল নিয়ে কাজ করেছেন তিনি। পুলিশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ফর্টিজ। কায়সারের ভাষায়, ‘গত দুই মাস ধরে বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল নেই। অন্যদিকে মুরাস তাদের লিগে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে। পুলিশের সঙ্গে দুটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। এটা হয়তো আপ টু মার্ক নয়, তবে কিছুটা হলেও আমাদের সহায়তা করেছে।’
দল গড়ার ক্ষেত্রেও কম চ্যালেঞ্জ পোহাতে হয়নি ফর্টিজকে। গত তিন-চার বছরে ক্লাবটির হয়ে খেলা প্রায় সাতজন ফুটবলার এবার অন্য দলে চলে গেছেন। এএফসি ম্যাচ সামনে রেখে তাই নতুন করে দল সাজাতে হয়েছে। শুধু এই প্রতিযোগিতার জন্য ঢাকা আবাহনী থেকে ইব্রাহিম ও শাকিলকে দলে নেওয়া হয়েছে। স্কোয়াডে রয়েছেন আটজন বিদেশি ফুটবলারও। ম্যাচের সময় নিয়েও কৌশলের কথা ভাবছেন কায়সার। বিকেল ৩টার ম্যাচে ঢাকার গরমকে মুরাসের বিপক্ষে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন তিনি। কায়সারের মতে, প্রতিপক্ষ শীতপ্রধান দেশের হওয়ায় আবহাওয়ার বিষয়টিও নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করবেন তারা।
তবে আবহাওয়াকে অজুহাত হিসেবে দেখছেন না মুরাসের ব্রাজিলিয়ান কোচ এদমার দে লাসেরদা। তাঁর কথায়, ‘আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আমরা জানি, এটি আমাদের জন্য কঠিন, তবে ফর্টিসের জন্যও কঠিন।’ বাংলাদেশ অবশ্য মুরাসের কাছে একেবারে অচেনা নয়। গত বছর ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে এএফসি প্রতিযোগিতার মূলপর্বে উঠেছিল কিরগিজ ক্লাবটি। পরে সেমিফাইনাল পর্যন্তও খেলেছে তারা। এবারও তাদের লক্ষ্য আরও দূর যাওয়া। ফর্টিজকে নিয়েও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে মুরাস। লাসেরদা জানিয়েছেন, তারা ফর্টিসের তিনটি ম্যাচ দেখেছেন। ‘আমরা জানি, তাদের ভালো খেলোয়াড় আছে, ভালো দল আছে, তারা ভালো ফুটবল খেলে। ওদের বলের ওপর নিয়ন্ত্রণ ভালো’, বলেছেন মুরাস কোচ।
ফর্টিজের সামনে তাই একদিকে ইতিহাস গড়ার সুযোগ, অন্যদিকে অপেক্ষা করছে শক্তিশালী ও ম্যাচণ্ডছন্দে থাকা প্রতিপক্ষ। ঘরের মাঠের দর্শক, ঢাকার আবহাওয়া ও নিজেদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কায়সারের দল শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেটিই দেখার।