ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়ান গেমসে লিটনের চোখে সোনার স্বপ্ন

এশিয়ান গেমসে লিটনের চোখে সোনার স্বপ্ন

ক্রিকেটে লিটন দাসের অভিজ্ঞতার কোন কমতি নেই! আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৫ সালে। এক যুগ হতে চলল জাতীয় দলের জার্সিতে। কিন্তু এশিয়ান গেমসের গল্পটা তার জন্য একেবারেই নতুন! তাই জাপানের বিমানে ওঠার আগে তার চোখে শুধু নতুন একটি টুর্নামেন্ট নয়, এমন এক পদকের স্বপ্ন-যে পদকের নাম স্বর্ণ! এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেটের প্রথম অধ্যায় শেষ হয়েছে হতাশায়। মেয়েদের ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হারের পর এবার দেশের ক্রিকেটের দৃষ্টি পুরুষ দলের দিকে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুরুষদের ক্রিকেট। আর সেই মিশনে গতকাল বুধবার রাতেই জাপানের পথে উড়াল দেবে লিটন দাসের দল।

যাত্রার আগে মিরপুরে গতকাল অধিনায়কের কণ্ঠে অবশ্য হতাশার কোনো ছাপ নেই। বরং প্রথমবার এশিয়ান গেমসে খেলতে যাওয়ার রোমাঞ্চের সঙ্গে মিশে আছে বড় স্বপ্ন। লিটন বলেন, এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছি, এরকম মঞ্চেও খেলা। এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, এমনও নয়। এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই রোমাঞ্চিত। এই মঞ্চে ট্রফির চেয়েও আলাদা একটি আকর্ষণ দেখছেন বাংলাদেশ অধিনায়ক, দেখুন, অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।

স্বপ্নের সঙ্গে প্রস্তুতিতেও ঘাটতি রাখতে চাননি তারা। জাপানের কন্ডিশনে যাওয়ার আগে মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লিটনও, প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই, ফাইনাল খেলা, ফাইনাল জেতা। এবার পুরুষদের ক্রিকেটে অংশ নিচ্ছে ১০ দল। আফগানিস্তান, জাপান ও নেপাল রয়েছে 'এ' গ্রুপে; 'বি' গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বের দুই শীর্ষ দল করে যোগ দেবে শেষ আটে। বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ২৯ সেপ্টেম্বর। 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে হবে সেই ম্যাচ। জিততে পারলে ১ অক্টোবর সেমিফাইনাল, আর ৩ অক্টোবর ফাইনাল। সব ম্যাচই হবে নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত