
ছোটখাটো ভুলত্রুটি বাদ দিলে প্রথম পর্বটা ভালো মতোই শেষ হয়েছে।
গ্রামে-গঞ্জে ইউনিয়ন পর্বে ১০ থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীদের কলতানে মুখর ছিল গোটা বাংলাদেশ। সেই নতুন কুঁড়ির সফল প্রথম পর্বের রেশ না মিটতেই শুরু হতে যাচ্ছে 'নতুন কুঁড়ির' দ্বিতীয় আসর।
আগামী ৫ নভেম্বর থেকে শুরু তৃণমূলের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সারা দেশব্যাপী ক্রীড়া আসর 'নতুন কুঁড়ির' দ্বিতীয় পর্বের। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা স্টেডিয়ামে এ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকাল বুধবার বিকেলে এ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গতঃ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে দেশের সকল ইউনিয়নের কিশোর-কিশোরীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রীড়া আসরে অংশ নেওয়ার সুযোগ করে দিতেই এ নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন। বলার অপেক্ষা দেশের ক্রীড়াঙ্গনে প্রতিটি ইউনিয়নের ১০ বছর থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীর অংশগ্রহণ নিশ্চিত করতেই দেশে প্রথমবারের মতো এ ক্রীড়াযজ্ঞের আয়োজন। দেশের খেলাধুলায় না থাকলেও সাংস্কৃতিক অঙ্গনে 'নতুন কুঁড়ি' অবশ্য নতুন নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশে প্রথম সাংস্কৃতিক অঙ্গনে টেলিভিশনে 'নতুন কুঁড়ি' নামে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।
সত্তরের দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয় নতুন কুঁড়ি। সংস্কৃতির যতগুলো শাখা আছে, তার প্রায় সবকটাতেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সে নতুন কুঁড়ি থেকেই তারানা হালিম, দিবা, নুজহাত নুয়েরি ইসলাম, ইশিতাসহ বেশ কয়েকজন প্রতিভাবান অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ঘটে। যারা পরবর্তীতে দেশের অভিনয়জগৎ ও সংগীতজগতের বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন। সব মিলিয়ে সত্তরের দশকের শেষ দিকে শুরু হওয়া সেই নতুন কুঁড়ি কয়েক বছরের মধ্যেই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠা পায়। ক্রীড়াঙ্গনেও নতুন নতুন প্রতিভার উন্মেষ ঘটাতে সেই নতুন কুঁড়ির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে হওয়া এক সংবাদ সম্মেলনে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের জানান, প্রথম পর্বে অনলাইনে ১ লাখ ৬৮ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ ৮ ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আবেদন করে এবং ফুটবল, ক্রিকেট, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই উৎসাহী ক্রীড়া অনুরাগী কিশোর ও কিশোরীর সংখ্যা বেড়েছে বহুগুণে। আগামী ৫ নভেম্বর থেকে অনুষ্ঠেয় নতুন কুঁড়িতে ১০ থেকে ১৪ বছরের ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদ অংশ নেওয়ার আবেদন করেছে। আনুপাতিক হারে হিসাব করলে প্রথম আসরের তুলনায় দ্বিতীয় পর্বে অংশগ্রহণে ইচ্ছুক কিশোর-কিশোরীর সংখ্যা প্রায় ১৫ গুণ বেশি। এবার ৯ লাখের বেশি কিশোর ও ৬ লাখের বেশি কিশোরী প্রতিযোগী অনলাইনে আবেদন করেছে।
নতুন কুঁড়ির প্রথম আসরে ফুটবল, ক্রিকেট, দাবা, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট, সাঁতার, ব্যাডমিন্টন ও কাবাডিতে ১ লাখ ৬৮ হাজারের বেশি কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নিয়েছে। এবার ওই ৮ ইভেন্টের সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হবে। এদিকে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ১৪ বছর পেরিয়ে যাদের বয়স ১৭ কিংবা ১৮ হয়েছে, তাদের জন্যও দিয়েছেন সুখবর। তিনি জানিয়েছেন, আগামীতে ১৪ বছরের বেশি থেকে যাদের বয়স ১৭-১৮, তাদের জন্যও নতুন কুঁড়ির আরেকটি পর্ব অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। সেটা হয়তো আগামী ডিসেম্বর নাগাদ অনুষ্ঠিত হতে পারে।