
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। উন্নতি করেছেন লিটন কুমার দাস ও ইবাদত হোসেন। পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট বোলারদের মধ্যে এখন ৩৮তম স্থানে আছেন হাসান। গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে প্রথমবার ৩৮ নম্বরে ওঠেন ডানহাতি এই পেসার। আবু ধাবিতে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে তার প্রাপ্তি একটি। এই পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়েছেন হাসান।
প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি শিকার ধরেন ইবাদত। এতে ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে আছেন এই পেসার। ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে মিরাজের ওপরে আছেন কেবল তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান ১৮তম। আফগানিস্তানের মোহাম্মাদ সালিম (৭২তম) ২১ ধাপ, ইয়ামিন আহমাদজাই (৭৯তম) ছয় ধাপ এবং ইসমাত আলাম (১০০তম) ১৯ ধাপ এগিয়েছেন।
টেস্টের দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে লিটন কুমার দাস। এতে তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়েছেন, অবস্থান ৯২তম। এক ধাপ পিছিয়ে ১৮তম স্থানে মুশফিকুর রহিম। র্যাংকিংয়ে বাংলাদেশের সবার ওপরে অভিজ্ঞ ব্যাটসম্যান। তার মতো এক ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে ২১ নম্বরে আছেন অধিনায়ক।