ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

নেপালকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

নেপালকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

একাই সাত গোল করলেন আলপনা আক্তার। মিষ্টি খাতুন ও শ্যামলী মিংও জালের দেখা পেলেন ছয়বার করে। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির উদ্বোধনী ম্যাচেই নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। গতকাল রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য করে বাংলাদেশ। দল ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে নেপালকে আরও কোণঠাসা করে ১০ গোল তুলে নেয় বাংলাদেশ। সব মিলিয়ে ১৩ গোলে জিতে আসর শুরু করে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল। এই জয়ে ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের মধুর প্রতিশোধও নিতে পারল বাংলাদেশ। ম্যাচ সেরা আলপনার কণ্ঠে ফুটে উঠল সে তৃপ্তি। আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাসও তিনি পাচ্ছেন নেপাল ম্যাচের জয় থেকে। 'আসলে আমার অনেক ভালো লাগছে। উনিশে (২০১৯) আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতব। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি। নেপালের বিপক্ষে এই ম্যাচটা অনেক ভালো লেগেছে, আমরা সবাই খুব ভালো খেলেছি। কাল আমাদের ভারতের সাথে খেলা, সেখানেও অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।' চার দলের এই প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। বড় জয় দিয়ে শুরু করায় ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারবে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত