
ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রাকিব হাওলাদার। দ্বিতীয় ইনিংসে হঠাৎই তার সামনে খুলে গেল দুয়ার। ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেলেন সামিউর বশির। তার মতোই বাঁহাতি স্পিনার হওয়ায় কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়ে গেলেন রাকিব। তিন মাস আগে ঢাকার তৃতীয় বিভাগ লিগে খেলা ক্রিকেটার দুই হাতে লুফে নিলেন সুযোগটি। ৫ উইকেট নিয়ে রাঙালেন স্বীকৃত ক্রিকেটে নিজের অভিষেক। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের শেষ দিকে রাকিবের মতোই বল হাতে উজ্জ্বল আরও দুই বাঁহাতি বোলার নাসুম আহমেদ ও শফিকুল ইসলাম। বাঁহাতি স্পিনে সিলেটকে দারুণ জয় এনে দিলেন নাসুম। রাজশাহীর জয়ে বড় অবদান রাখলেন বাঁহাতি পেসার শফিকুল।