
রেকর্ডগড়া ইনিংস খেলে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিলেন আহসান আল মুমিন। পরে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম। তাদের নৈপুণ্যের সামনে পাত্তাই পেল না মালয়েশিয়া। যুব এশিয়া কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ২০৫ রানে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ৩০৪ রানের লক্ষ্যে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমি-ফাইনালের টিকেট পেল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল (ভারত অথবা পাকিস্তান)। যুব ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানে জয় ছিল এত দিনের সেরা। যুব এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে বড় জয় আছে আর একটি। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছিল ভারত।
মালয়েশিয়াকে গুঁড়িয়ে মাত্র ১৮ রানে ৭ উইকেট নেন তামিম। বাংলাদেশের কোনো বোলার এই প্রথম যুব ওয়ানডেতে পেলেন ৭ উইকেট। এতদিন সেরা বোলিং ছিল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সঞ্জিত সাহার ১৯ রানে ৬ উইকেট। আরও চার বোলারের আছে ৬ উইকেটের কীর্তি। যুব এশিয়া কাপে তামিমের চেয়ে সেরা বোলিং আছে শুধু একজনের। পাকিস্তানের মাঠে ২০০৩ সালের টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। তামিমের তোপের আগে রেকর্ডগড়া ইনিংস খেলেন মুমিন। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৫২ রান করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। তার ১৩৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসটি যুব ওয়ানডেতে বাংলাদেশের সেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে পিনাক ঘোষের করা ১৪০ বলে ১৫০ রান এখন নেমে গেল দুই নম্বরে। রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যে তাদের ৫ উইকেট নিয়ে বড় জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। হালকা প্রতিরোধ গড়েন পাঁচ নম্বরে নাগিনেশ্বরন সাথনাকুমারান। তবে অন্যপাশে সমর্থন পাননি তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৫০ রান করেন নাগিনেশ্বরন।