ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুস্তাফিজ-সাকিব নেই, আইপিএল নিলামে বাংলাদেশের ১২

মুস্তাফিজ-সাকিব নেই, আইপিএল নিলামে বাংলাদেশের ১২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম মানেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বাড়তি আগ্রহ। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের নাম থাকলে আলোচনার মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। গত আসরে রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েও শেষ পর্যন্ত খেলতে পারেননি বাঁহাতি এই পেসার। এবার আরও এক ধাপ এগিয়ে নিলামের প্রাথমিক তালিকাতেই নেই তার নাম। একইভাবে জায়গা হয়নি সাকিব আল হাসানেরও। তবে দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে ভাগ্য পরীক্ষায় নামছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার!

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ আইপিএলের মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় রয়েছেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ১২ জনের কেউই এখন পর্যন্ত আইপিএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেননি। এবার নিলামে সুযোগ পেলে বাংলাদেশের নতুন একদল ক্রিকেটারের সামনে খুলে যেতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দরজা।

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তালিকায় থাকা বেশ কয়েকজন। রিশাদ হোসেনের লেগ স্পিন ইতিমধ্যে বিপিএল, পাকিস্তান সুপার লিগ ও বিগ ব্যাশে আলোচনায় এসেছে। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে এই লেগ স্পিনারের। টি-টোয়েন্টি ক্রিকেটের বৈচিত্র্যময় বোলিং আক্রমণে তাকে বিবেচনায় রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।

পেস বিভাগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো একাধিক নাম রয়েছে। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ জাতীয় দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে রিপন মন্ডলের ডেথ ওভারে কার্যকর ইয়র্কার করার দক্ষতাও নজর কেড়েছে। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে তার বোলিংয়ের সেই সামর্থ্য দেখা গেছে।

স্পিন ও অলরাউন্ড সামর্থ্যে শেখ মেহেদী হাসানও হতে পারেন আগ্রহের জায়গা। পাওয়ারপ্লেতে রান আটকে রাখার দক্ষতার পাশাপাশি ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার। শামীম হোসেন ও তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটাররাও নিজেদের টি-টোয়েন্টি পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন।

ব্যাটিংয়ে বাংলাদেশের নতুন ভরসা হয়ে উঠেছেন তাওহীদ হৃদয়। বিশেষ করে লেগ সাইডে তার আক্রমণাত্মক ব্যাটিং টি-টোয়েন্টি ক্রিকেটে বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে। পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের সামনেও রয়েছে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। মোহাম্মদ রুবেলও রয়েছেন সেই তালিকায়।

তবে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিই। গত বছরের ডিসেম্বরের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ১২ কোটি ৩৫ লাখ টাকা।

চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। সেটি ছিল আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।

কিন্তু চলতি বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর জেরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যায়নি বাংলাদেশ। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও তৈরি হয় অস্বস্তি।

আইপিএলে মুস্তাফিজের পথচলা অবশ্য বেশ সমৃদ্ধ। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট। ইকোনমি ৮.১৩। আইপিএলে জায়গা না পেলেও ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ১০ উইকেট নিয়েছেন ৭.১৭ ইকোনমিতে। পাশাপাশি বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসও তাকে দলে নিয়েছে। এবারের নিলামে সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ হাজার ২২০ ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। তবে নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ ২৫।

এবারের নিলামের অন্যতম আলোচিত নাম ইংল্যান্ডের বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই অলরাউন্ডারের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। ২০২৫ সালের মেগা নিলামে অংশ না নেওয়ায় তার নাম নিবন্ধন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশেষ অনুমতি পেয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। সেখানে বাংলাদেশের ১২ ক্রিকেটারের ভাগ্যে কী অপেক্ষা করছে, সেটিই এখন দেখার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত