ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় ফুটবল দলে রাণীশংকৈলের তিন কন্যা

জাতীয় ফুটবল দলে রাণীশংকৈলের তিন কন্যা

প্রত্যন্ত গ্রামের ধুলোমাখা মাঠে ফুটবলের হাতেখড়ি। নানা প্রতিকূলতা পেরিয়ে সেই মাঠ থেকেই এবার আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে পা রাখতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলার। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা। তাদের এই অর্জনে আনন্দ ও গর্বে ভাসছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি।

জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়া তিন ফুটবলার হলেন রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির স্বপ্না রানী, মোছা. সাগরিকা ও কোহাতি কিসকু। তাদের মধ্যে কোহাতি কিসকু খেলবেন ডিফেন্ডার হিসেবে। আর স্বপ্না রানী ও মোছা. সাগরিকার অবস্থান মিডফিল্ডে। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি সূত্রে জানা গেছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের মাটিতে। বৃহত্তর রাজশাহী বিভাগের মধ্যে ঠাকুরগাঁওয়ের এই তিন ফুটবলারই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন বলে জানিয়েছে একাডেমি সূত্র। রাণীশংকৈলের প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ— তিন ফুটবলারের এই সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। তাদের এ অর্জন কেবল ঠাকুরগাঁওয়ের গর্ব নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসার ক্ষেত্রেও তৈরি করেছে অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত।

রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, 'এটি রাণীশংকৈলবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমাদের এলাকার প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে আসা তিন নারী ফুটবলার সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, যা সত্যিই গর্বের। আমরা চাই, তাঁরা আন্তর্জাতিক ম্যাচে ভালো খেলা উপহার দিয়ে দেশের সুনাম বয়ে আনুন। তাদের সাফল্যে এলাকার অন্য মেয়েরাও ফুটবলে এগিয়ে আসতে উৎসাহিত হবে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু বলেন, ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারের জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দের খবর। বিশেষ করে রাঙ্গাটুঙ্গির মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে তাদের আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য গর্বের। তাদের এ সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও একাডেমির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই তাঁরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন এবং দেশের জন্য সম্মান বয়ে আনবেন। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, আমাদের একাডেমির তিন খেলোয়াড় জাতীয় নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ফুটবলে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মেয়েরা নিয়মিত অনুশীলন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাদের এ অর্জন আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার বড় স্বীকৃতি।

আশা করি, তারা সিঙ্গাপুরে ভালো খেলা উপহার দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। পাশাপাশি তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও মেয়েরা ফুটবলে আগ্রহী হবে। প্রত্যন্ত গ্রামের মাঠ থেকে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড— স্বপ্না, সাগরিকা ও কোহাতির এই পথচলা প্রমাণ করে, সুযোগ ও অধ্যবসায় থাকলে গ্রামের মেয়েরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্যের পরিচয় দিতে পারেন। এখন সবার প্রত্যাশা, সিঙ্গাপুরের মাঠে লাল-সবুজের জার্সিতে নিজেদের সেরাটা তুলে ধরবেন ঠাকুরগাঁওয়ের এই তিন কন্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত