অনলাইন সংস্করণ
১১:১৭, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয় স্টেডিয়ামে আজ রাত আটটায় সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার শিরোপায় চোখ স্বাগতিকদের। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে সে লক্ষ্যের কথাই জানিয়েছেন দলের তারকা হামজা চৌধুরী।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাফে শ্রীলঙ্কার বিপক্ষে দলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভক্তদের এই সমর্থন তাঁর এবং তাঁর পরিবারের কাছে অত্যন্ত অর্থবহ এবং মাঠে নিজের সেরাটা দিয়ে তিনি এর প্রতিদান দিতে চান।
হামজা বলেন, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা জিততে পারব।’
তিনি আরও বলেন, ‘সবকিছুই বাংলাদেশের জন্য, দেশের সব মানুষের জন্য। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, বিশেষ করে আমার নিজের জন্য। মানুষ আমাকে যেভাবে এত সমর্থন ও ভালোবাসা দেখিয়েছে, তা সত্যিই দারুণ। আমি যখন ইংল্যান্ডে থাকতাম, তখনও বহু বাংলাদেশি ভক্ত ইংল্যান্ডের ম্যাচ দেখতে মাঠে আসতেন। তাই এটি আমার ও আমার পরিবারের কাছে অনেক বড় ব্যাপার। ইনশাআল্লাহ, মাঠের পারফরম্যান্স দিয়ে আমরা এর প্রতিদান দিতে পারব।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার উল্লেখ করে তিনি ঘরের মাঠে খেলার রোমাঞ্চ এবং দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অধরা সাফ শিরোপা জেতার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও যোগ করেন, ‘ফুটবল তো পুরোপুরি দলীয় খেলা, তাই না? এখানে ব্যক্তিগত কেউ নয়, পুরো দলটাই মূল বিষয়। ধাপে ধাপে আমরা উন্নতির দিকে যাচ্ছি, তা দেখা যাচ্ছে। তবে আগামীকালের ম্যাচটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। একটি বড় টুর্নামেন্টে ঘরের মাঠের দর্শকদের সামনে আবারও খেলতে নামার জন্য মুখিয়ে আছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। সর্বশেষ জয়ের পর ২৩ বছর পেরিয়ে গেছে, এবার আমরা ট্রফিটি ঘরে তুলতে পারি।"
ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ দল গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।