
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, কেবল অবকাঠামোগত উন্নয়নই একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। যদি আমরা শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি নতুন প্রজন্ম গড়তে না পারি, তবে আমাদের প্রিয় ঈশ্বরগঞ্জের সত্যিকারের মুক্তি আসবে না।
মঙ্গলবার বেলা ১২টায় ঈশ্বরগঞ্জে নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ময়মনসিংহ উত্তর জেলা শাখা এই সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বীর শহীদদের শ্রদ্ধা স্মরণ করা হয়।
উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আপনারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন একটি সাম্য ও ন্যায়বিচারের দেশের জন্য। কিন্তু আজ সমাজে নৈতিকতার চরম অবক্ষয় দেখা দিয়েছে। আমাদের লক্ষ্য হবে এমন একটি শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ তৈরি করা, যেখানে তরুণরা দেশপ্রেম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ঈশ্বরগঞ্জ তথা দেশের হাল ধরবে।
সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও আগামীর প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ তাঁর বক্তব্যে এলাকার মাদক সমস্যা ও যুব সমাজের নৈতিক স্খলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রকৌশলী বাবু মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং আশ্বাস দেন যে, নির্বাচিত হলে তিনি ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক এবং শিক্ষাবান্ধব মডেল উপজেলায় রূপান্তরিত করবেন।
অনুষ্ঠানের আয়োজক ও নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আজিজুল হাই সোহাগ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পথে চলা। প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আমরা ঈশ্বরগঞ্জে সেই হারানো মূল্যবোধ ফিরিয়ে আনতে চাই।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা ও ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ভোট কেন্দ্র পাহারার মাধ্যমে জনরায় রক্ষার দৃঢ় শপথ ব্যক্ত করেন।