
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক প্রতিপক্ষদের পলিসি নিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, আমরা ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি—কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে তা প্রমাণ করার জন্য।’
তিনি আরও যোগ করেন, ‘চলুন নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন পথ দেখাচ্ছে।’
সহিংসতার পরিবর্তে কল্যাণমুখী রাজনীতির প্রতি ইঙ্গিত দিয়ে জামায়াত আমির বলেন, ‘মানুষ আগে সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে।’
এদিকে জামায়াত আমিরের এই পোস্ট শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম লিখেছেন, “ডাকসু এটা (বিতর্ক) আয়োজনে আগ্রহী।”
যদিও জামায়াত আমির তার পোস্টে বিতর্কের নির্দিষ্ট ফরম্যাট বা আয়োজনের বিস্তারিত কিছু উল্লেখ করেননি, তবে ডাকসু ইতোমধ্যে তার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
এ ধরনের বিতর্ক সভা বিশ্বজুড়ে নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে একটি প্রচলিত পদ্ধতি, যেখানে প্রার্থীরা নিজেদের নীতি এবং পরিকল্পনা ভোটারদের সামনে উপস্থাপন করে, পাশাপাশি প্রতিপক্ষের ভুলকেও তুলে ধরেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।