ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরের ছুরিকাঘাতে আহত ৫, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরের ছুরিকাঘাতে আহত ৫, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোরের ধারালো ছুরির আঘাতে অপর পাঁচ কিশোর মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত কিশোররা হলেন— নিরব (১৬), সুজন (১৫), কাউসার মিয়া (১৬), সোহান (১৬) ও চঞ্চল (১৬)। তারা কাঁচপুর রায়েরটেক এলাকার স্থানীয় বাসিন্দা।

অভিযুক্ত কিশোর আমিন (১৫) কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাকে একটি ধারালো স্ট্রিলের ছুরিসহ গণধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে বুধবার বিকেলে আমিন তার খেলার সঙ্গী নিরবের একটি মোবাইল চুরি করে নিয়ে যায়।

পরে নিরব মোবাইল চুরির ঘটনা জানতে পেয়ে রাতে ৫-৭ জন গিয়ে মোবাইল ফেরত দেয়ার জন্য আমিনকে চাপ দেন। এতে আমিন মোবাইল ফেরত দেয়ার কথা বলে আলোক সজ্জিত পারটেক্স খেলার মাঠে তাদের নিয়ে যায়। এ সময় কথা-কাটাকাটি একপর্যায়ে আমিন উত্তেজিত হয়ে ৫ জনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে।

পরে আহত ৫ জনের পরিবার ও এলাকাবাসী খবর পেয়ে আমিন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আহতদের বুধবার গভীর রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাত ৩টার দিকে মারাত্মক আহত নিরবের খালা শিউলী আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে, গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

কিশোর,ছুরিকাঘাত,আহত,গণধোলাই,পুলিশে সোপর্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত