
রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রেলওয়ে মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সেই লাইনে এরইমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন।
তিনি আরও জানান, সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শেষ হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন।
এর আগে গতকাল বুধবার দুপুর ২টার দিকে সান্তাহারের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় শতাধিক যাত্রী আহত হন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনটির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।