অনলাইন সংস্করণ
১২:০৪, ১৯ মার্চ, ২০২৬
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ার পথে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেখে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ প্রায় শেষ, অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচলের জন্য লাইন প্রস্তুত হবে।
এর আগে বুধবার দুপুর ২টার দিকে সান্তাহারের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় শতাধিক যাত্রী আহত হন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনটির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।