
রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে গত শুক্রবার রাতে ঝড়ো বাতাসসহ ব্যাপক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
শুক্রবার রাত একটা থেকে কয়েক ঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টি অব্যাহত থাকে।
এদিকে, রংপুরে ঝড়ে বিছিন্ন হওয়া বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে কাজলী বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির আঘাতে অনেক ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি বোরো ধানক্ষেতসহ তামাক, ভুট্টা এবং আম ও লিচুর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত গভীর রাতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার সময় রংপুর নগরীর বাহার কাছনা বাঙ্গীটারী এলাকার একটি বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিঁড়ে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়।
গতকাল শনিবার ভোরবেলা ওই বাড়ির কাজলী বেগম (৩০) নামে এক গৃহবধূ নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে পরিবারের অন্য সদস্যরাও এগিয়ে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও পাঁচজন আহত হন।
পরে এলাকাবাসী গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।