
সিরাজগঞ্জের কাজিপুরে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টার প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে ওই উপজেলার সোনামুখী বাজারের বাস কাউন্টারে ছদ্মবেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কাউন্টারে ঈদ-পরবর্তী যাত্রায় ৩৫০ টাকার ভাড়া বাড়িয়ে ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছিল। কিন্তু এমন অভিযোগ থাকলেও প্রমাণের অভাব ছিল। পরে ইউএনও নিজেই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে টিকিট কাউন্টারে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।
অতিরিক্ত ভাড়া আদায়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় কাউন্টার প্রতিনিধি রুবেল হোসেন তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।