ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদগঞ্জে বৃদ্ধ হত্যাকাণ্ডে ঢাকা থেকে আরও ৩ আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জে বৃদ্ধ হত্যাকাণ্ডে ঢাকা থেকে আরও ৩ আসামি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রাকিবুল হাসানের নেতৃত্বে একটি দল ঢাকার বিভিন্ন স্থানে টানা অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ইসমাইল হোসেন (৪২), মো. ফয়েজ (৩৮) ও হাজেরা বেগম (৬০)। তারা সবাই উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।

এর আগে, গত ২৩ মার্চ সোমবার সকালে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে একই বাড়ির বাসিন্দা বৃদ্ধ আলী হায়দার (৬২)-কে বেদম মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরদিন ২৪ মার্চ রাতে তিনি মারা যান।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তাৎক্ষণিকভাবে ফাতেমা বেগম ওরফে দুলালী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নিহতের স্বজনরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পুত্রবধূ আছমা বেগম জানান, আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আসামিরা বাড়ি থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ আলী হায়দারের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযুক্তরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা দুই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, মারধরের ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

৩ আসামি গ্রেপ্তার,বৃদ্ধ হত্যাকাণ্ড,ফরিদগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত