ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাট

সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি।

রোববার (২৯ মার্চ) পৃথক দুটি অভিযানে এসব ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ ১৫ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের চেষ্টা চলছে— এমন খবর পেয়ে রামখানা ও অনন্তপুর বিওপির দুটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ১০টা ওই রামখানা বিওপি এবং ১১টায় অনন্তপুর বিওপির টহলদল লালমনিরহাট বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযান চলাকালে টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং প্যান্টের কাপড়ের ৩টি থান জব্দ করা হয়।

বিজিবি লালমনিরহাট দপ্তরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানায়, জব্দকৃত পণ্যের মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা। এর মধ্যে স্বর্ণকাতান শাড়ির মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা, সিল্ক শাড়ির মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্যান্টের কাপড়ের মূল্য ৩৬ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সীমান্ত,বিজিবি,ভারতীয় কাপড়,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত