
কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং একই দিনে সকাল ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেন।
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়।
পরে বস্তা খুলে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব কাপড়ের মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।