
আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী বিশ্বরোডসংলগ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রবেশদ্বার ও প্রতিষ্ঠাকালীন ফটক। দীর্ঘ চার বছরেও আন্ডারপাস নির্মাণকাজ শেষ না হওয়ায় পুনর্নির্মাণ করা হয়নি ফটকটি। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীদের বাস ও এলাকাবাসী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলতলী বিশ্বরোড থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথে অবস্থিত ফটকটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবেশদ্বার ও পরিচয়চিহ্ন হিসেবে পরিচিত ছিল। প্রতিদিন এ পথ দিয়ে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও দর্শনার্থী যাতায়াত করতেন। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরের শেষের দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আন্ডারপাস নির্মাণের উদ্যোগের সময় ফটকটি ভেঙে ফেলা হয়। সে সময় ফটকটি পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আন্ডারপাসের নির্মাণকাজ শেষ হয়নি, পুনর্নির্মাণ করা হয়নি ফটকটিও।
ফটকটি না থাকায় নতুন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শনাক্ত করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত প্রবেশদ্বার না থাকায় ক্যাম্পাসের পরিচিতি ও সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কুমিল্লার স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রোডে যাতায়াত করা মানুষ যে গেটটি দেখে বুঝতেন, এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেই গেটটি আন্ডারপাস নির্মাণের নামে ভেঙে ফেলা হয়েছে। চার-পাঁচ বছর পার হলেও এখনো সেই গেটটি নির্মাণের নাম-গন্ধও নেই। আন্ডারপাস নির্মাণের কাজ শেষ না হওয়ায় রাস্তাটির অবস্থাও খারাপ হয়ে আছে। ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করছেন।’
তিনি আরও বলেন, ‘প্রবেশদ্বার গেটটি না থাকায় নতুন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ খুঁজে পেতে ভোগান্তি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রধান প্রবেশদ্বার পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের গেট শুধু একটি স্থাপনা নয়; এটি বিশ্ববিদ্যালয়ের পরিচয়, ঐতিহ্য ও গৌরবের প্রতীক।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহীদুল হাসান বলেন, ‘বেলতলী বিশ্বরোডে বিশ্ববিদ্যালয়ের পুরোনো গেটটি আন্ডারপাস নির্মাণের সময় ভাঙার প্রস্তাব উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপত্তি জানায়। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সভায় বিষয়টি আলোচনা করা হয়।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আন্ডারপাস নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেটটিও প্রকল্পের আওতায় নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রারের স্বাক্ষরিত চিঠিও পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের পর প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। বর্তমানে প্রকল্পটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টেন্ডার কার্যক্রম চলছে। গেট নির্মাণের প্রস্তাব প্রকল্প সংশোধনের অংশ হিসেবে দেওয়া হলেও এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। প্রকল্পটি অনুমোদিত হলে গেট নির্মাণের পাশাপাশি সড়কের অসমাপ্ত কাজও শেষ করা সম্ভব হবে।’
ফটক পুনর্নির্মাণের বিষয়ে কুমিল্লা সড়ক উপবিভাগে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, ‘আন্ডারপাস নির্মাণ শেষ হলে গেট নির্মাণ করে দেওয়া হবে। আন্ডারপাসটি প্রায় ৫০০ মিটার দীর্ঘ। এটি নির্মাণ করা হয়ে গেলে জায়গা নির্ধারণ করে গেট নির্মাণ করে দেওয়া হবে। আন্ডারপাস নির্মাণ প্রকল্পের মেয়াদ আরও দুই বছর আছে। এর মধ্যে আন্ডারপাস নির্মাণ শেষ হলে অবস্থান নির্ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটটি পুনর্নির্মাণ করে দেওয়া হবে।’
সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘বেলতলী রাস্তা পারাপারের জন্য যে আন্ডারপাসের কাজ শুরু হয়েছিল, দীর্ঘদিনেও সেটি সম্পন্ন হয়নি; বরং জায়গাটি এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন গেটটি, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তৎকালীন সংসদ সদস্যদের নামফলক ছিল, আন্ডারপাস নির্মাণের কথা বলে ভেঙে ফেলা হলেও চার-পাঁচ বছরেও সেখানে কোনো আন্ডারপাস হয়নি। বিশ্বরোড থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে নামা অ্যাপ্রোচ রোডটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সড়ক বিভাগকে বারবার চিঠি দেওয়া ও যোগাযোগ করা হলেও এখনো রাস্তাটি সংস্কার হয়নি।’
তিনি আরও বলেন, ‘এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিদেরও আমরা আহ্বান করি। সেখানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন গেট এবং রাস্তার কাজের কথা জানিয়েছিলাম। তাঁরা নির্মাণের আশ্বাস দিয়েছেন।’