ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা, মোবাইল-আংটি ছিনতাই

টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা, মোবাইল-আংটি ছিনতাই

নরসিংদী থেকে মাধবদী ফেরার পথে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বলে ধারণা পুলিশ ও স্বজনদের।

নিহত মুজিবুর রহমান (৫৫) মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌর এলাকার কালিবাড়ির একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।

নিহতের স্বজনরা জানান, নানা কাজ নিয়ে মাধবদী থেকে প্রায়শই নরসিংদী আসতেন তিনি। ধারণা করা হচ্ছে বিকেলে বাড়ি থেকে বের হয়ে সোমবার সন্ধ্যায় নরসিংদী থেকে কাজ শেষ করে মাধবদী ফিরছিলেন তিনি। পথিমধ্যে কতিপয় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, সাথে থাকা স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে যায়।

সেখান থেকে হানিফ নামের এক সিএনজি চালক তাকে স্থানীয়দের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, রাত ১০টার দিকে এক সিএনজি চালক মুজিবুর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালে নামিয়ে সে চলে যায়। পুলিশ তাকে খুঁজে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত মুজিবুর রহমানের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল-আংটি ছিনতাই,কুপিয়ে হত্যা,কেয়ারটেকার,টেক্সটাইল মিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত