ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বন্ধ জুটমিল চালুতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বন্ধ জুটমিল চালুতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি—যে কোনো ব্যবস্থাপনায় এসব মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে অবস্থিত কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নরসিংদীর দুটি জুটমিলসহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া এসব শিল্পকারখানার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সেই সঙ্গে এই খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

কো-অপারেটিভ জুট মিল পরিদর্শনের পাশাপাশি প্রতিমন্ত্রী পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল এবং প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কও ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম,কাজ করছে সরকার,বন্ধ জুটমিল চালু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত