ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সুন্দরবনে দস্যুদের কবলে ২২ জেলে, ফিরেছেন ৫ জন

সুন্দরবনে দস্যুদের কবলে ২২ জেলে, ফিরেছেন ৫ জন

সাতক্ষীরার সুন্দরবন এলাকায় আবারও বনদস্যুদের হাতে জেলে অপহরণের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীর সদস্যরা ২২ জন জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে মুক্তিপণের টাকায় ৫ জন ফিরে এলেও এখনো ১৭ জন জিম্মি রয়েছেন। এতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনরা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, রোববার (৩ মে) সকাল থেকে সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবাড়িয়া, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকা থেকে অস্ত্রের মুখে এসব জেলেকে অপহরণ করা হয়।

অপহৃতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে ৫ জনকে মারধরের পর মুক্তিপণের শর্তে ছেড়ে দেওয়া হলেও বাকি ১৭ জনকে এখনো আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে কদমতলা ও কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান জেলেরা। পরে বিভিন্ন খালে মাছ ধরার সময় আলিম ও নানাভাই বাহিনীর সদস্যরা তাদের ঘিরে ধরে অপহরণ করে।

অপহৃতদের মধ্যে রয়েছেন মোমিন ফকির, মুর্শিদ আলম, ইসমাইল শেখ, আব্দুল করিম, আব্দুস সামাদ, আল মামুন, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, সঞ্জয় ও আলআমিনসহ আরও অনেকে।

ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছেন, অপহরণের সময় তাদের মারধর করা হয়। এখনও অনেক জেলে দস্যুদের কবলে রয়েছেন। একের পর এক অপহরণের ঘটনায় পুরো উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা।

স্বজনদের দাবি, এখনো মুক্তিপণের নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি। তারা দ্রুত অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং উপকূলরক্ষী বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হচ্ছে। তবে জেলে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অপহরণের তথ্য জানানো হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রশাসনের অভিযান শুরু হলে অপহৃতদের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় আতঙ্কে রয়েছেন জেলে পরিবারের সদস্যরা।

ফিরেছেন ৫ জন,২২ জেলে,দস্যুদের কবলে,সুন্দরবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত