
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে রাস্তা পার হওয়ার সময় রোজা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রোজা উপজেলার উথলি ইউনিয়নের সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার সেনেরহুদা গ্রামের রোজা নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় উথলি থেকে ছেড়ে আসা আন্দুলবাড়িয়া অভিমুখী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা রাজু হোসেন জানান, তার শিশু কন্যা রোজা বাড়ির সামনের রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।