ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৭ কোটি টাকার খাল খনন প্রকল্পের কাজ চলছে

সিরাজগঞ্জে ৭ কোটি টাকার খাল খনন প্রকল্পের কাজ চলছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি খাল খনন কর্মসূচি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে পানি প্রবাহ ও সেচ কাজের সুবিধা পাবে কৃষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাতে সারাদেশে এ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে খাল খনন, পুনঃখনন ও সংস্কার কাজ শুরু হয়। এ খাল খনন কর্মসূচি প্রকল্পের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্যরা।

প্রকল্পগুলো হলো— উল্লাপাড়া উপজেলার কয়রা বাগলপুর থেকে কয়রা চরপাড়া, চড়ুইমড়ুই, চাওল, কান্দুয়া বিল হয়ে মুক্তা নদীর পাড় পর্যন্ত খাল খনন। এ খাল খনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা।

একই উপজেলার পূর্ব দেলুয়া সেতুর নিকট থেকে ছড়িয়া শিকার হয়ে হাটিকুমরুল ধোপাকান্দি পর্যন্ত খাল খনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার ১৬৫ টাকা।

এছাড়া শাহজাদপুর উপজেলার মশিপুর বাজার ছোট সেতু থেকে লালপুর পর্যন্ত খাল খনন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯১ হাজার ১১৪ টাকা।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং গঠিত এ কমিটি উপজেলা প্রশাসন অনুমোদন দেয়। গত ১৮ মে থেকে এসব প্রকল্পের কাজ শুরু হয়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাতে বরাদ্দ ৬ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৩৫৯ টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ চলছে এবং ভেকু মেশিন দিয়ে খাল খননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ কাজ বাস্তবায়নে তদারকি করছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই প্রকল্পগুলোর গড়ে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে পানি প্রবাহ ও কৃষি সেচ কাজে সুবিধা পাওয়া যাবে। আগামী জুন মাসের মধ্যেই জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, এ ৩টি প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করছে এবং সরকারি বিধিমতে প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে।

রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ-ন-ম বজলুর রশীদ এ ৩টি প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রকল্পের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্পের কাজ শুরু থেকেই জেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন। যথাসময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খনন প্রকল্পের কাজ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত