
কোচিং শেষে বন্ধুদের সঙ্গে বাজি ধরে কলা চুরি করতে গিয়ে তিন কিশোরকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। ঘটনা জানতে পেয়ে অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই তিন কিশোর উপজেলা সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী এলাকার ওবায়দুল ইসলামের ছেলে ফাহিম রহমান (১৪), লিটন সরদারের ছেলে মেহেদী হাসান (১৫) ও তোফাজ্জল হোসেনের ছেলে সজল হোসেন (১৪)।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ওই তিন কিশোর কোচিং শেষে অটোরিকশায় করে দাশুড়িয়া থেকে মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় নিজেদের মধ্যে বাজি ধরে একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে।
পুলিশ জানায়, চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ওই তিনজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী থানা পুলিশ জানতে পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ওই তিন কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।