ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

খানাখন্দে ভরা সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক, জনদুর্ভোগ চরমে

খানাখন্দে ভরা সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক, জনদুর্ভোগ চরমে

সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক (পুরাতন) সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলের হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। এ সড়কের এমন অবস্থা হলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনগুরুত্বপূর্ণ-এ সড়ক সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়ক নামে পরিচিত। তবে ৮০-র দশকের পর থেকে এই সড়ক সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক হিসেবে এলাকায় পরিচিত। এ সড়ক দিয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ সড়কের চকনুর বাজার, পাঙ্গাসী ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর ও বাগডুমুরসহ বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, এই সড়ক যোগাযোগের এ অঞ্চলের মানুষের একমাত্র পথ। এ সড়ক দিয়ে কৃষি পণ্য সরবরাহ, শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিদিন। প্রায় ১ ঘন্টার পথ এখন প্রায় ২ ঘন্টা সময় লাগে। অবশ্য কয়েক মাস আগে এ সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ মেরামত করা হয়েছিল। কিন্তু এ মেরামত তেমন কাজে আসেনি বরং আরো খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই অনেক ছোটোখাটো যানবাহন-এ সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। জনদুর্ভোগ এড়াতে এ জনগুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল আলোকিত বাংলাদেশকে বলেন, এ জনগুরুত্বপূর্ণ সড়ক ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। সড়কটি দুই লেনে উন্নীতকরণে একনেকে প্রায় ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং সরকারি বিধিমতে ইতোমধ্যেই দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। এ দরপত্রে ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচিত হবেন এবং যথাসময়ে এ প্রকল্পের কাজ শুরু করবে বলে তিনি উল্লেখ করেন।

খানাখন্দ,সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক,জনদুর্ভোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত