
মানিকগঞ্জে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর কাজ চার বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ না হওয়ায় আজও চালু হয়নি যান চলাচল। ফলে উন্নয়নের এই বিশাল স্থাপনা দাঁড়িয়ে থাকলেও এর সুফল থেকে বঞ্চিত রয়েছেন অন্তত ৩০ গ্রামের মানুষ। প্রতিদিনই দুর্ভোগ নিয়ে খেয়ানৌকায় নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের।
জানা গেছে, ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকার আলহাজ্ব কাজি গোলাম হোসেন সড়কের কালিগঙ্গা নদীর ওপর সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু এখনো কোনো কাজে আসছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেতুর দুই পাশের অন্তত ৩০ গ্রামের বাসিন্দাদের।
সেতুটি দ্রুত চালুর দাবিতে শুক্রবার বিকেলে সেতুর পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চার বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও এখনো আমাদের খেয়া নৌকায় নদী পার হতে হচ্ছে। সন্ধ্যা হলেই খেয়া চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে তখন মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। কোটি কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষ এর কোনো সুফল পাচ্ছে না।
বক্তারা আরও বলেন, এই সেতু চালু হলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে টাঙ্গাইল জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। অথচ শুধুমাত্র অ্যাপ্রোচে মাটি না থাকায় বছরের পর বছর ধরে সেতুটি অচল অবস্থায় পড়ে আছে।
এসময় বক্তারা দ্রুত সেতুর দুই পাশে মাটি ফেলে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল চালুর দাবি জানান। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।